আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। তারা জানিয়েছে, এক উইঘুর এই আত্মঘাতী হামলা চালিয়েছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, ‘মোহাম্মদ আল-উইঘুরি নামে তাদের এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ঠাসা জ্যাকেট পরে ভিড়ের মধ্যে ওই হামলা চালিয়েছে।’
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি মসজিদে বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন শতাধিক স্থানীয় বাসিন্দা। শুক্রবার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। আহত অন্তত আরও শতাধিক মানুষ। রাতে এই হামলার দায় নিয়েছে আইএস। ওই ঘটনার পরে তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ টুইটে লেখেন, ‘বিকেলে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। আমাদের অনেকে নিহত হয়েছেন।’