আন্তর্জাতিক ডেস্ক : ইরান সীমান্তের কাছে ইসরাইলের কোনো ধরণের উপস্থিতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইহুদিবাদী দেশটির প্রতি এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
খাতিবজাদে বলেন, 'ইসরাইলের উপস্থিতি মানেই অনিরাপত্তা, অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ।' সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় গুরুত্ব পাচ্ছে। আলোচনার বিষয়বস্তু আপাতত সবার কাছে প্রকাশ করা হবে না।
কাস্পিয়ান সাগরে আজারবাইজানের মহড়া প্রসঙ্গেও কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র। তিনি বলেন, কিছু ঘটনা আঞ্চলিক পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। আঞ্চলিক পরিস্থিতিকে অনুধাবন এবং কাস্পিয়ান সাগর সংক্রান্ত নীতিমালা মেনে চলাটা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সূত্র : ইরনা