আবারো অশান্ত হয়ে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। পরপর ২টি বোমার ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে আজ মঙ্গলবার এই বিস্ফোরণ হয়। উক্ত ঘটনায় কমপক্ষে আরো ৪৩ জন আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাদে জানা যায়, গাড়ি বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটনো হয়। আফগান অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের জানান, চার শ শয্যার হাসপাতালটির গেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাবুলে বিস্ফোরণের ফলে ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় বাখতার নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হাসপাতালের কাছে আইএসের যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। ঘটনাস্থলে ইতোমধ্যেই তালেবানের বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে। সূত্র : আলজাজিরা।