জনগণের টাকা অপব্যয় করে না বর্তমান উত্তরপ্রদেশ সরকার। সেই টাকা রাজ্যের উন্নয়ন এবং মন্দির বানাতে খরচ করা হয়। আগের সরকার জনগণের টাকা দিয়ে ‘কবরস্থান’ বানাত। নাম না করে সমাজবাদী পার্টি (এসপি)-কে এ ভাবেই খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দীপাবলি উপলক্ষে বুধবার রাম কথা পার্কে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন যোগী। সেখান থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি আগের সরকারের কাজের সমালোচনাও করেন তিনি। যোগী ঘোষণা করেন, আগামী বছরের হোলি পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পটি চালু রাখা হবে রাজ্যবাসীর স্বার্থে। কোভিড পরিস্থিতিতে এই প্রকল্পের মাধ্যমে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হয়। এ মাসেই সেই প্রকল্পের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যোগী রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, তাঁর সরকার এখনই এই প্রকল্প বন্ধ করছে না। রাজ্যবাসীর সুবিধার্থেই এই প্রকল্প চালু রাখা হচ্ছে।-আনন্দবাজার