চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবার হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। নিষেধ করেছেন আগুন নিয়ে খেলা করতে। তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র উৎসাহ দিলে তা আগুন নিয়ে খেলার মতোই হবে বলে মনে করেন চীনা প্রেসিডেন্ট। জিনপিং এবং বাইডেনের বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জানা গেছে, বেইজিং-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক গভীর ও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। শি বলেন, শান্তিতে সহাবস্থান, উইন-উইন সহযোগিতার পথ অনুসরণ এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক সংঘাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের পরস্পরকে সম্মান দেখানো উচিত। এ দুই দেশের এবং সারাবিশ্বের জনগণ এমনটাই প্রত্যাশা করে।
জলবায়ু পরিবর্তন ও মহামারি করোনাভাইরাসের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলাসহ এ দুই দেশের উন্নয়ন এগিয়ে নিতে যুক্তিসঙ্গত ও অবিচল সম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলেও জানিয়েছেন শি।