রবিবার, ০৫ ডিসেম্বর, ২০২১, ০৬:২৫:২২

শেষ পর্যন্ত চেক পেয়ে দারুণ খুশি সেই কাঁচা বাদামের গায়ক

শেষ পর্যন্ত চেক পেয়ে দারুণ খুশি সেই কাঁচা বাদামের গায়ক

এবার চেকের দেখা পেলেন বীরভূমের ভুবন বাদ্যকর। আজ রবিবার ভুবনের বাসায় এসে স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু খাবার, মিষ্টি, শীতের কম্বল ও একটি চেক তুলে দেওয়া হয়। এ সময় তার চেহারায় দীপ্তি লক্ষ্য করা যায়। 

ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন ইউটিউবাররা। অথচ ভুবন পাচ্ছেন না কিছুই। আক্ষেপ ছিল তাঁর। থানায় গিয়ে অভিযোগও করেছেন। না, তাদের কাছে তেমন কিছু না পেলেও ভুবন বাদ্যকর স্থানীয় রাজনীতিকদের কাছ থেকে সমাদর পাচ্ছেন, সেই সঙ্গে উপহারসামগ্রী। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ভুবনকে সম্মান জানিয়ে পাঁচ হাজার এক টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এই চেক পেয়েই ভীষণ খুশি ভুবন বাদ্যকর।  এর আগে ভুবনের অভিযোগ ছিল, এই গান নেচে-গেয়ে অনেকেই লাখ লাখ টাকা রোজগার করে ফেলছেন। কিন্তু তাঁর হাত খালি। তাই নিয়ে দুবরাজপুর থানায় নালিশ জানান ‘বাদাম-গান’-এর স্রষ্টা ভুবন।

ভুবনের দাবি, তাঁর গান ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটমাধ্যমে সেই গান আপলোড করে প্রচুর টাকা রোজগার করছেন অনেকে। সে কারণেই পুলিশের দ্বারস্থ তিনি। ভুবন বলেন, ‘গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছে। সবাই আমার গান ভিডিও করতে চায়। তারপর সেই গান নেটমাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছে। অথচ আমার হাত খালি।’ ইউটিউবে তাঁর গানের স্বত্ব ‘সংরক্ষিত’ হিসেবে দেখাচ্ছে। অথচ ভুবন বলছেন, ‘আমার কোনো ইউটিউব অ্যাকাউন্টই নেই!’ ভুবনের দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাঁকে পাইয়ে দিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে