শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৮:০৯

তুরস্কের ৩ হাজার দাঙ্গা পুলিশ যাচ্ছে কাতারে

তুরস্কের ৩ হাজার দাঙ্গা পুলিশ যাচ্ছে কাতারে

কাতারে ৩ হাজার দাঙ্গা পুলিশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার এ ঘোষণা দেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু। তিনি বলেন, ‌উপসাগরীয় দেশ কাতারে ২০২২ বিশ্বকাপ উপলক্ষে তুরস্কের দাঙ্গা পুলিশ ইউনিটের ৩ হাজার সদস্যকে পাঠানো হবে। এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

‌‘পুলিশ সদস্যদের সঙ্গে তুরস্কের নিরাপত্তা বাহিনীর একজন সমন্বয়ক এবং ৪০ জনের বেশি নিরাপত্তা উপদেষ্টা থাকবেন। তুরস্ক নিরাপত্তার জন্য কিছু প্রশিক্ষিত কুকুরও পাঠাবে। আমরা আশা করছি, দায়িত্ব ঠিকমতো পালন করতে পারব। এটি খুবই আনন্দের খবর যে, এত বড় একটি প্রতিযোগিতার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে।’

সোইলু বলেন, তুরস্ক একটি গুরুতর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং ২০১৭ সাল থেকেই তারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের পরামর্শে এ আলোচনা চলছিল। 
এরদোয়ানের কাতার সফরের দুইদিন পর আঙ্কারায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের কাতার সফরের সময় বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন চুক্তি সই হয়।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউরোপের বহু দেশ কাতারে নিরাপত্তা সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল। কিন্তু কাতার এ কাজের জন্য আমাদের বেছে নিয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ।’ 

কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে ২০২২ সালের ২১ নভেম্বর। দেশটির রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। সূত্র : ডেইলি সাবাহ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে