মানুষ সারাদিন যা চিন্তা-ভাবনা করে, রাতে স্বপ্নে অনেক সময় তাই দেখে। কোনো স্বপ্ন থাকে আনন্দের, কোনো স্বপ্ন ভয়ের; কোনোটা আবার হতাশার। এসব স্বপ্নের অধিকাংশই সত্য হয় না, কখনো কখনো আবার আংশিক সত্য হয়।
তবে যুক্তরাষ্ট্রের এক নারীর ক্ষেত্রে অবাক করার মতো একটি ঘটনা ঘটেছে। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের এক নারী স্বপ্ন দেখেন যে, তিনি লটারি জিতেছেন। এই ঘটনার পর বাস্তবে তিনি লটারি জিতেছেন। কিন্তু স্বপ্নে যে পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা দেখেন, বাস্তবে পেয়েছেন তার থেকে ঢের বেশি।
সিএনএনের খবরে বলা হয়েছে, মিশিগানের কালামাজো কাউন্টির এক নারী স্বপ্ন দেখেন, তিনি ২১ লাখ টাকার লটারি (২৫ হাজার ইউএস ডলার) জিতেছেন। স্বপ্ন দেখার কয়েক মাস পর তিনি ২.৫ কোটি (৩ লাখ ইউএস ডলার) মূল্যের একটি লটারি জিতেছেন।
গণমাধ্যমের কাছে এই নারী নাম প্রকাশ না করে বলেন, কালামাজোর গ্যাস স্টেশন থেকে তিনি ক্যাশওয়ার্ড মাল্টিপ্লায়ার গেম কেনেন। এক বছর আগে তিনি স্বপ্ন দেখেন ক্যাশওয়ার্ড খেলে তিনি ২৫ হাজার ডলার জিতেছেন। এরপর সম্প্রতি এই নারী বাংলাদেশি টাকায় আড়াই কোটি টাকার বেশি মূল্যের লটারি জিতেছেন। লটারির পুরস্কার নেওয়ার সময় তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নিজের দেখা স্বপ্নের কথা জানিয়েছেন।
ভাগ্যবতী এই নারী বলেন, লটারি জেতা এই টাকা দিয়ে তিনি একটি বাড়ি কিনবেন এবং বাকি টাকা অন্য কাজে বিনিয়োগ করবেন।