আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদীদের চারণভূমি হিসেবে বিশ্বে পরিচিত পাকিস্তান। আইএসআই ও পাক সেনার জেহাদের কারখানাতেই তৈরি তালেবান। কিন্তু এবার যারা সৃষ্টি করেছে তাদেরই গ্রাস করতে চলেছে সৃষ্টি। অর্থাৎ এবার ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আফগান তালেবানের পাকিস্তান শাখা সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
এহেন পরিস্থিতিতে পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, টিটিপির বিরুদ্ধে যুদ্ধ করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। সদ্য খাইবার পাখতুনখোয়া প্রদেশে পোলিও টিকা কর্মসূচীর নিরাপত্তায় থাকা এক পুলিশকর্মীকে হত্যা করে টিটিপি।
সেই বিষয়ে প্রশ্ন করা হলে রোববার ফাওয়াদ চৌধুরী বলেন, “আমরা অতীতেও (তালেবান) তাদের সঙ্গে লড়াই করেছি এবং ভবিষ্যতেও লড়াই করতে পারি।” তার দাবি, শক্ত হাতে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও জঙ্গি সংগঠনটির দিকে ইঙ্গিতে সমঝোতার হাতও বাড়িয়ে দিয়েছেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তিনি জানান, যারা সংবিধান মানতে রাজি তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে রাজি সরকার। সম্প্রতি, তেহরিক-ই-তালেবান জানিয়েছে তারা পাক সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধি করবে না। তারপর থেকেই সেদেশে নাশকতার আশঙ্কা বেড়ে গিয়েছে। উল্লেখ্য, বিগত দশক থেকেই পাকিস্তানে সন্ত্রাস তৈরি করেছে টিটিপি। গণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলে শরিয়ত লাগু করাই তাদের উদ্দেশ্য। বিগত দিনে বেশ কয়েকবার পাকিস্তানকে রক্তাক্ত করেছে সংগঠনটি।