মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ০৯:২৯:৫৭

জানাজার নামাজে গুলি, আরো ৪ জনের মৃত্যু

জানাজার নামাজে গুলি, আরো ৪ জনের মৃত্যু

লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহত এক ব্যক্তির জানাজার সময় গুলিতে আরও চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গুলিতে নিহত ব্যক্তিরা তাদের সদস্য। একপ্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আলজাজিরা।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা জানান, মরদেহ বহনকারী লোকজন মিছিল করতে করতে যাচ্ছিল। সে সময় শরণার্থী শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করেই ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। তিনি বলেন, কে বা কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়।  

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানান, গত শুক্রবার লেবাননের বন্দর নগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে বিস্ফোরণের ঘটনায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ ফাতাহ’র সদস্যরা। 

তিনি জানান, ওই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। ক্যাম্পের ভেতরের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হন। এসময় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। 

এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে ওই বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে তা প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে ওই রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে