ইসরাইলকে আবারও মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এ ঘোষণা দিয়েছেন। খবর পার্সটুডের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে।তিনি বলেছেন, বিগত ৭০ বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে, তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এ ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সব স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ রাখবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পবিত্র আল-আকসা বা বায়তুল মুকাদ্দাস মুসলিমবিশ্বের প্রথম কিবলা, যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিমবিশ্ব কখনই তাদের প্রথম কিবলা ইসরাইলিদের জবরদখল থেকে মুক্ত করার স্বপ্ন পরিত্যাগ করবে না।
ইরানের এ মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের তাবেদার মুসলিম শাসকগুলো যতই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক না কেন, এ অঞ্চলের জনগণ কোনো দিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে যাবে।