নিউজ ডেস্ক : বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে আফগানিস্তানের ২ কোটি ২৮ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। তবে তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি এমন দাবি প্রত্যাখান করে বলেছেন, আফগানিস্তানের কোনো মানুষ অনাহারে মারা যাবে না।
গত মাসে বিশ্ব খাদ্য কর্মসূচির আফগানিস্তান বিষয়ক প্রধান ম্যারি অ্যালেন ২০ বছরের যুদ্ধপীড়িত দেশটিতে ভ্রমণ করেন। সেখানে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। দু’দিন আগে ম্যারি অ্যালেন বলেন, অর্ধেকের বেশি আফগান অনাহারের ঝুঁকিতে রয়েছে। দেশটির ৩০ লাখ শিশু এখন অপুষ্টিতে ভুগছে।
তবে তলেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলছেন, তিনি এই সংখ্যার সঙ্গে একমত নন। এখন পর্যন্ত অনাহারে আফগানিস্তানের কোনো নাগরিক মারা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। যদিও এই তালেবান নেতা স্বীকার করেন, যুদ্ধ এবং খরার কারণে অনেকে দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। তবে তাদের অনাহারের মরার মতো অবস্থা হয়নি।