আন্তর্জাতিক ডেস্ক : হনুমানের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার একটি গ্রামের বাসিন্দারা। হনুমানের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও। গত একমাসে হনুমান-বাহিনীর হাতে ২৫০ কুকুর নিহত হয়েছে।
গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে হনুমানের একটি বিশাল দল। কুকুর দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে দিচ্ছে তারা। গত মাসে হনুমানের হানায় অন্তত ২৫০ কুকুরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুর বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুরকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বাঁদরের দল। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রতিশোধের জেরেই এই অবস্থা। একটি বাঁদরছানাকে এক দল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত।