আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে ভারতবিরোধী প্রপাগান্ডা ছড়ানো ২০টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। এসব অনলাইন প্লাটফর্ম থেকে ভারতকে নিয়ে নিয়মিত গুজব জড়ানো হতো। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, নিষিদ্ধের তালিকায় থাকা ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে ১৫টিই নয়া পাকিস্তান গ্রুপের। অন্যগুলো হলো 'দ্য নেকড ট্রুথ', '৪৮ নিউজ' এবং 'জুনাইদ হালিম অফিশিয়াল'। ওই ইউটিউব চ্যানেলগুলোর মোট গ্রাহকসংখ্যা ৩৪ লাখের বেশি। ভারত সম্পর্কিত যেসব কনটেন্ট রয়েছে, তার ভিউ হয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি।
ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, ইউটিউব এবং টেলিকম বিভাগকে চিঠি লিখে অবিলম্বে এগুলো ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এগুলো ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে। অনলাইনে এসব প্রপাগান্ডার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত হিসেবে মনে করছেন ভারতের কর্মকর্তারা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।