ভয়ানক এক হেলিকপ্টার দুর্ঘটনায় কঠিন এক পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাঁচাতে সক্ষম হলেন এক মন্ত্রী। সের্গে গেলেকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর দীর্ঘ ১২ ঘণ্টা সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচালেন। দেশটির উত্তর- পূর্বাঞ্চলের একটি উপকূলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতে বেঁচে যাওয়া দুজনের মধ্যে একজন ছিলেন ওই মন্ত্রী।
সোমবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বাকি আরোহীর সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তবে পুলিশ বলছে দুর্ঘটনার কারণ সম্পর্কেও এখনো সঠিক তথ্য জানা যায়নি।
সের্গে গেলে কীভাবে দ্বীপে পৌঁছালেন: মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে এবং আরেকজন পুলিশ কর্মকর্তা মঙ্গলবার সকালে সাঁতার কেটে দ্বীপে পৌঁছান। এর আগে তারা নিজেদের হেলিকপ্টার থেকে বের করে সাঁতার কাটতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কতৃপক্ষের প্রধান এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া । নিখোঁজ দুজন মাদাগাস্কার পুলিশ ফোর্সের সদস্য।
মালাগাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, গেলে ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে আছেন এবং তিনি তখন তার ছদ্মবেশী পোশাক পরে ছিলেন। ভিডিও বার্তায় গেলে বলেন, আমার মৃত্যুর সময় এখনো আসেনি।