আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের কাছে অবস্থিত একটি গ্রাম আজকাল সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই গ্রামের নাম করৌনা। করোনা ভাইরাসের নামের সঙ্গে মিলের কারণে এই গ্রামের নাম এখন সবার মুখে মুখে ঘুরছে।
করোনার এই তাণ্ডবের মধ্যেই গত দুই বছর ধরে আলোচনায় রয়েছে এই গ্রামের নাম। অবস্থা এমন যে, এই গ্রামের নাম নিয়ে মানুষের মধ্যে এমন আতঙ্ক বিরাজ করছে যে, মানুষ এই গ্রামের ত্রিসীমানায় আসতেও ভয় পাচ্ছে। লখনউ থেকে মাত্র ৯০ কিমি অবস্থিত এই গ্রাম করোনার উপদ্রব থেকে সম্পূর্ণ মুক্ত ছিল।
এমনকী এই গ্রামের আশেপাশের গ্রামে করোনার উপদ্রব দেখা গেলেও ওই গ্রামের কোনও বাসিন্দাই করোনায় আক্রান্ত হননি। তা সত্ত্বেও মানুষ এই গ্রাম থেকে থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। করোনার পাশাপাশি এই কোরৌনা গ্রামও এখন মানুষের কাছে রসিকতার কারণ হয়ে উঠেছে। আশেপাশের গ্রামবাসীরা এখানকার বসবাসকারীদের নিয়ে মজা করে।
এখানকার বাসিন্দারা বলেন, "আমাদের গ্রামের নাম বললেই লোকজন আমাদের নিয়ে মজা করে। বলা হয়, আপনারা এখনও বেঁচে আছেন! আবার অনেকে জিজ্ঞেস করেন যে করোনা ভাইরাস কতদিন স্থায়ী হবে। অনেক গ্রামবাসীরাই মনে করছেন এই গ্রামেই নাকি করোনার জন্ম হয়েছে!" সূত্র : নিউজ ১৮ ও এএনআই