অনলাইনে মোবাইল কিনে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। কুরিয়ারে আসা পার্সেল খুলতেই হতবাক তিনি। মোবাইলের পরিবর্তে এসেছে মাটির ঢেলা। ভারতের জলপাইগুড়ির সদর ব্লকের কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ এমন প্রতারণার শিকার হয়েছেন।
বিজয় দেবনাথ স্থানীয় একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন। অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়, এমন অফার দেখে হাজার তিনেক টাকায় মোবাইল বুক করেছিলেন তিনি।
দিন কয়েক আগে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান বিজয়। তার দাবি, ওই মোবাইল নম্বরটি দিল্লির। যিনি ফোন করেছিলেন, তিনি ৫০ শতাংশ ছাড়ে মোবাইল বিক্রির কথা বলেছিলেন। তবে শর্ত একটাই, মোবাইল কিনতে হবে অনলাইনে। সেই মতো ৩ হাজার ৩০০ টাকা দিয়ে মোবাইল বুক করেন বিজয়।
এদিন সকালে পার্সেল আসে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব অনেকটাই। খবর পেয়ে পোস্ট অফিসে চলে যান বিজয়। পার্সেলটি খোলার পরে চক্ষু চড়কগাছ! কোথায় মোবাইল? পার্সেলে রয়েছে মাটির ঢেলঅ।
ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, টাকা ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই। তবে লিখিত অভিযোগ জমা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।