কে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী? এনিয়ে খোঁজ-খবরের কম ঘাটতি নেই। অবশেষে এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারীর সন্ধান পাওয়া গেছে। বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক নারী জাপানের ‘কেন তানাকা’। যিনি জাপানের একটি নার্সিং হোমে তার ১১৯তম জন্মদিন পালন করেছেন। তিনি আরও একটি বছর জীবিত থেকে ১২০তম জন্মদিন পালন করতে চান। এর মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়ে যাবেন কেন তানাকা।
এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী ১১৯ বছর বয়সী জাপানের কেন তানাকা পৃথিবীর প্রবীণতম নারী। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য প্রকাশ করেছে। তানাকার জন্ম ১৯০৩ সালে। জাপানের পাঁচটি রাজকীয় শাসন দেখেছেন প্রবীণ এই নারী। তার পরিবারের সদস্যদের উদ্ধৃত করে কিয়োদো বার্তা সংস্থা বলেছে, তানাকার লক্ষ্য এখন ১২০তম জন্মদিন পালন করা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত ২ জানুয়ারি তানাকার নাতির মেয়ে জুনকো তানাকা টুইটার পোস্টে তার প্রমাতামহীর ১১৯ বছরে পা রাখার সংবাদ জানান। সেই হিসেবে ‘কেন তানাকা’ পৃথিবীর প্রবীণতম জীবিত নারী। জুনকো তানাকা টুইটারে লেখেন, ‘বিশাল প্রাপ্তি। কেন তানাকা ১১৯ বছরে পৌঁছেছেন। আশা করি, তিনি আনন্দের সঙ্গে জীবন কাটাবেন।’