মঙ্গলবার, ০৪ জানুয়ারী, ২০২২, ০৫:১৬:৪৭

ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড যুক্তরাষ্ট্রের

ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড যুক্তরাষ্ট্রের

করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রাদুর্ভাবে ব্যাপক বিপর্যয়ের মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ, যা মহামারির গত দুই বছরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

অবশ্য এর আগের রেকর্ডটিও যুক্তরাষ্ট্রেরই ছিল। ২০২১ সালের ৭ মে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ১৪ হাজার মানুষ। সোমবারের আগ পর্যন্ত এটি ছিল করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

আগের রেকর্ডের জন্য দায়ী ছিল করোনার অতি সংক্রামক ধরন ডেল্টা, আর এবার সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ঘটল ওমিক্রনের কারণে, যেটি মূল করোনাভাইরাসের চেয়ে ৭০ গুণ বেশি সংক্রামক। মার্কিন সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতির নাম দিয়েছে ‘ওমিক্রন সুনামি’।

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, সেই সঙ্গে দেশজুড়ে বাড়ছে হোম আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা।

মানুষের দৈনন্দিন জীবনও চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে, প্রতিদিন বাতিল হচ্ছে শত শত অভ্যন্তরীণ ফ্লাইট এবং প্রায় শ্বাসরোধ হওয়া রোগীর মত ধুঁকছে দেশটির খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ ব্যবস্থা। সূত্র: ব্লুমবার্গ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে