আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা এক ব্যক্তির কাতর আর্তি, নরেন্দ্র মোদিজি আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমাদের বাঁচান। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার পর শোরগোল পড়ে গিয়েছে দুই দেশের নেটিজেনদের মধ্যে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা ওই ব্যক্তির নাম মালিক ওয়াসিম।
তার অভিযোগ, পুলিশ ও প্রশাসন গত কিছুদিনে তার জীবন নরক করে তুলেছে। এই পরিস্থিতিতে তিনি ভারত সরকার ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। মালিকের বক্তব্য, তার বসত বাড়িটি আসলে শিখ সম্প্রদায়ের সম্পত্তি। সম্প্রতি তাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে পাক প্রশাসন। বর্তমান তিনি ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। এমন অসহায় পরিস্থিতিতেই ভারতের সাহায্য চাইছেন ওয়াসিম।
ভাইরাল হওয়া ভিডিওতে ওয়াসিম মালিককে বলতে শোনা গিয়েছে, 'পুলিশ আমার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। আমি মুজাফ্ফরাবাদের কমিশনারকে বলেছি, ফিরিয়ে দিন আমাদের বাড়ি। দেখছেন না কীভাবে আমি ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। যদি ভাল-মন্দ কিছু ঘটে যায় তাহলে কমিশনার ও তহশিলদার দায়ী থাকবেন। ভারত সরকারের সাহায্য চাইতে বাধ্য করা হচ্ছে আমাকে। প্রধানমন্ত্রী মোদির কাছ আমার অনুরোধ, এদের উপযুক্ত শিক্ষা দিন।' এরপরই তার কাতর আর্তি, 'পাকিস্তানের এই নৃশংসতা থেকে আমাদের বাঁচান নরেন্দ্র মোদিজি।'