আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে আমেরিকা ও রাশিয়ার সংঘা'তের মাঝেই যুদ্ধের আশ'ঙ্কা উসকে ফের তাইওয়ানের প্রতিরক্ষা বলয় ভেঙে অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। বেনজির ভাবে রবিবার দ্বীপরাষ্ট্রটির বিমানসীমায় ঢুকে পড়ে লালফৌজের ৩৯টি যুদ্ধবিমান।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, রবিবার তাদের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’-এ ঢুকে পড়ে চীনের ৩৯টি যুদ্ধবিমান। গত অক্টোবর মাসের পর এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। জানা গিয়েছে, চীনা বিমানগুলির মধ্যে ছিল ৩৪টি ফাইটার জেট, চারটি ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার বিমান ও একটি বোমারু বিমান।
ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার প্লেনগুলিতে অত্যন্ত আধুনিক সোনার ও রাডার রয়েছে যার ফলে এরা সহজেই প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম হয়। তাছাড়া, শত্রুর রাডার সিস্টেম ও মিসাইল ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতাও রয়েছে এই বিমানের। এছাড়া, একাধিক মিসাইল ও বোমা নিয়ে ডুবোজাহাজ ধ্বংস করে বিপক্ষের নৌসেনাকে বেকায়দায় ফেলে দিতে পারে এই বিমানগুলি।
বিশ্লেষকদের মতে, তাইওয়ানের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম চীনের নিশানায় রয়েছে। দেশটির উপর চাপ তৈরি করতে ও হামলার পরিকল্পনা খতিয়ে দেখতেই এহেন অনুপ্রবেশ করছে চীনা যুদ্ধবিমানগুলি। এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সমস্ত মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়। দ্রুত পাঠানো হয় যুদ্ধবিমানও।