আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর সংবাদ ও অনেকে শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে পোস্ট দিয়েছেন।
তবে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বলছে, মাহাথির মোহাম্মদ সুস্থ আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী ও সফল রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালের সিসিইউতে থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তার মেয়ে মেরিনা মাহাথির এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার আইজেএন হাসপাতাল থেকে মাহাথিরের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যে কারণে ৯৬ বছর বয়স্ক এই বর্ষীয়ান রাজনীতিবিদ মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে মালয়েশিয়ায়।
গত ৮ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। হাসপাতালে ভর্তি হওয়ার পর ১১ দিন সাধারণ কেবিনে রাখা হলেও গত ১৯ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।