আন্তর্জাতিক ডেস্ক : উত্তেজনা বাড়িয়ে আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বলা হচ্ছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলীয় অঞ্চলে আরও দুটি সন্দেহজনক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) উত্তর কোরিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার এই দাবি তুলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চলতি মাসে এ নিয়ে ষষ্ঠ বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। তাদের ছোড়া স্বল্প পাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির পূর্ব উপকূলীয় সাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার জেসিএস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টার কিছুক্ষণ পর ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার শহর হামহুং ও কাছাকাছি জায়গা থেকে ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি ২০ কিলোমিটার উচ্চতায় ১৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জেসিআই।