শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ০৪:৪৭:৩১

সম্পত্তির লোভে অসুস্থ মাকে তাড়িয়েছে, সিধু খুব নিষ্ঠুর মানুষ: সিধুর বোন

সম্পত্তির লোভে অসুস্থ মাকে তাড়িয়েছে, সিধু খুব নিষ্ঠুর মানুষ: সিধুর বোন

আন্তর্জাতিক ডেস্ক : নভজ্যোৎ সিং সিধু একজন সাবেক ভারতীয় ক্রিকেটার, ভারতীয় রাজনীতিবীদ এবং টেলিভিশন তারকা। বর্তমানে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পাঞ্জাব প্রদেশ শাখার সভাপতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস খুব তাড়াতাড়ি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। তবে কে মুখ্যমন্ত্রী হবেন সেই সিদ্ধান্ত নেবে দলের কর্মীরা।

ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বচানে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে যখন চন্নী-সিধুর মধ্যে জল্পনার পারদ চড়ছে, তখন সিধুকে নিশানা করে তোপ দাগলেন তারই বড় বোন। চণ্ডীগড়ে সাংবাদিক বৈঠক করে সিধুর দিদি সুমন তুর দাবি করলেন, ‘‘সম্পত্তির লোভে নিজের অসুস্থ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু।’’ 

বর্তমানে আমেরিকা নিবাসী সুমনের অভিযোগ, তার ভাই আসলে এক জন নিষ্ঠুর মানুষ। আগামী ২০ ফেব্রুয়ারি ১১৭টি আসনের পাঞ্জাব বিধানসভায় ভোট। তার আগে সিধু সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তার দিদি সুমন তুর। তিনি বলেন, ‘‘আমরা অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। এ ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ আমার হাতে আছে।’’

অতীতের ঘটনা তুলে ধরে তার আরও অভিযোগ, ‘‘আমার বাবা মৃত্যুর সময় বাড়ি, পেনশনসহ সম্পত্তি রেখে গিয়েছিলেন কিন্তু সিধু টাকার লোভে ১৯৮৬ সালে আমার অসুস্থ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমরা সিধুর কাছে কোনও টাকা ফেরত চাই না। সত্যিটা জানাতে চাই। আমার মায়ের জন্য সুবিচার চাই। টাকার লোভে আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে সিধু।’’

সুমন তুরের আরও অভিযোগ, তিনি গত ২০ জানুয়ারি সিধুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সিধু দরজা খোলেননি। সিধু তাকে ফোনেও ব্লক করে দিয়েছেন বলে অভিযোগ সুমনের। সুমন আরও দাবি করেন, ১৯৮৯ সালে একটি রেল স্টেশনে মারা যান তাদের মা। যদিও এই অভিযোগের ব্যাপারে সিধুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে