আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না। গতকাল শনিবার তিনি বলেন, জাতিসংঘ দ্বি-জাতি সমাধানের লক্ষ্যে কাজ করে আসছে এবং এখনও কাজ করে যাচ্ছে।
ডেইলি সাবা'র এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। ফারহান হক আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এ কর্মকর্তা এসব কথা বলেন।
ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমার আমলে কোনো ভাবেই ফিলিস্তিন নামে স্বাধীন কোনো রাষ্ট্র হতে দেবো না। নাফতালি বেনেটের এ কথার জবাবেই ফারহান হক বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে ইসরায়েলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি, অন্তত ততদিন অসলো চুক্তি অনুসারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে দেবো না।