আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। চলতি মাসেই এ নিয়ে সপ্তমবারের মত ছোড়া ক্ষেপণাস্ত্রটি পাঁচ বছরের মধ্যে পিয়ংইয়ংয়ের পরীক্ষা করা বৃহত্তম ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার পূর্ব তীর থেকে রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার দেওয়া তথ্যে জানা গেছে। উত্তর কোরিয়া আর এতো বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর চালায়নি বলে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা ধারণা করছেন, ছোড়ার পর মধ্যম সীমার ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং আধাঘণ্টায় ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে। পরে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। পূর্ব এশিয়ার এই দেশটি নিয়মিত সব নিষেধাজ্ঞা অমান্য করে আসছে। কারণ দেশটির নেতা কিম জং উন সামরিকভাবে দেশটিকে আরও শক্তিশালী করে তুলতে অঙ্গীকারবদ্ধ।