আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে সফর করছেন ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগ। এর মধ্যেই ইয়েমেন থেকে আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রেসিডেন্ট উপসাগরীয় দেশটিতে সফর করছেন। খবর আল জাজিরার।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জনমানবহীন এলাকায় পড়েছে। তবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অথবা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই শহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।
আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলা প্রতিহত করার পর উপসাগরীয় দেশগুলোর বিমান ট্রাফিক স্বাভাবিক আছে। বিমানের সব ফ্লাইট চলছে। এর আগে গত ১৭ জানুয়ারি আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়। এর এক সপ্তাহ পরেই আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আমিরাতের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে হেরজগের আলোচনার মধ্যেই সোমবার হামলা চালানো হয়। এদিকে, ইসরাইলি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গতকাল রাতে আবু ধাবিতে অবস্থান করেছেন হেরজগ। হুথিদের হামলার পরেও তিনি আমিরাতে সফর চালিয়ে যাবেন। রোববার প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আমিরাতে পা রাখেন তিনি।