মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ০৫:৪৫:৫০

'প্রথম উইকেটের পতন শেষ, এবার ইমরান খানের পালা'

'প্রথম উইকেটের পতন শেষ, এবার ইমরান খানের পালা'

আন্তর্জাতিক ডেস্ক: রোববার ইসলামাবাদে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশাল সমাবেশ করেছিল। তার পাল্টা গতকাল বড় এক সমাবেশ করে বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম)। সমাবেশে বিরোধী জোটের নেতারা বলেন, ইমরানের দলের প্রথম উইকেটের পতন হয়েছে। এবার ইমরানের পদত্যাগের পালা।

প্রথম উইকেট বলতে বিরোধীরা মূলত পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের কথা বলছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো গতকাল পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হয়। অনাস্থা প্রস্তাব ওঠার পরই পদত্যাগ করেন বুজদার। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী গভর্নরের বদলে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বিরোধী জোটের সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। এ ছাড়া পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা হামজা শেহবাজ, জমিয়াতে-ই-উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানসহ জোটের অন্য নেতারাও ছিলেন। বিরোধীরা শত শত মানুষের বহর নিয়ে ২৬ মার্চ লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন। গতকাল ইসলামাবাদে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে মরিয়ম নওয়াজ বলেন, নিজের শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য ইমরান খান ধর্মকে ব্যবহার করছেন। নিজেকে বাঁচাতে প্রধানমন্ত্রী পাঞ্জাবে তার প্রধান খুঁটি মুখ্যমন্ত্রী উসমান বুজদারকে বিসর্জন দিয়েছেন। ইমরান খানের উদ্দেশে মরিয়ম নওয়াজ বলেন, ‘নিজের ক্ষমতা বাঁচাতে আপনি তো আপনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে পানিতে ছুড়ে মারতে পিছপা হননি। এই জীবনে এত অকৃতজ্ঞ মানুষ আমরা দেখিনি। পিটিআই নেতা জাহাঙ্গীর তারিনকেও বিসর্জন দিয়েছেন। ইমরান খানকে সরাতে শেষ ধাক্কা দেওয়ার সময়টা চলে এসেছে। এবার কেউই তাঁকে উদ্ধার করতে আসবে না।’

পাকিস্তানের জাতীয় পরিষদে সদস্যসংখ্যা ৩৪২। অনাস্থা প্রস্তাব পেশের জন্য ৬৮ জন সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। প্রস্তাব পেশের পক্ষে ভোট দেন ১৬১ জন আইনপ্রণেতা। পার্লামেন্টে প্রস্তাব পেশের পরই ৩১ মার্চ বিকেল চারটা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান। ওই দিন প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে হলে অনাস্থা প্রস্তাবের পক্ষে অন্তত ১৭২ জন আইনপ্রণেতাকে ভোট দিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে