রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ০৩:০০:০৪

লাল মার্ক করা একটা ছেলে আছে, সাদিক কায়েম

লাল মার্ক করা একটা ছেলে আছে, সাদিক কায়েম

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং নিয়মিত মিছিল-মিটিং করতেন। দীর্ঘদিন বিষয়টি আলোচনা-সমালোচনার বাইরে থাকলেও সাদিক কায়েমের ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার একটি ছবি এবার সামনে এনে তার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মিছিলে হামলা করার জন্য ছাত্রলীগ মিছিল নিয়ে আসছে। তারা আমাদের মিছিল প্রতিহত করবে। ওই মিছিলে লাল কালি দিয়ে একটা ছবি মার্ক করা। আব্দুল কাদের পোস্ট দিয়েছে—লাল মার্ক করা একটা ছেলে আছে, সাদিক কায়েম।
যিনি আজকে ডাকসুর ভিপি।’

 প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মিছিল করেছি। ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আওয়াজ উঠাতে হবে।

আর আজকের ডাকসুর ভিপি ও জামায়াতের নেতারা ওই আওয়ামী লীগ-ছাত্রলীগের, যেটা বলে লুঙ্গির নিচে, গামছার নিচে ছিল, তারা আসতো আমাদের পিটাইত। এটা তো প্রমাণ তাই না? গণ-অভ্যুত্থানের পর ক্রেডিট ছিনতাই করে তারা বিপ্লবী হয়ে গিয়েছে।’ 

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের একটি ফর্মুলা আছে। আপনি সমস্যায় আছেন, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে হেল্প করে এটার প্রমাণ রাখবে। তারা যেখানেই যার সঙ্গে দেখা হোক, ছবি তুলে প্রমাণ রাখে।’  

নুরুল হক নুর বলেন, ‘আজকে জামায়াত-শিবিরের কর্মীরা, সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ে লিখবে, কথা বলবে, এগুলো জবাব দিতে হবে আমরা মনে করি না। জামায়াত-শিবির ঘৃণার সমাজে বিষবাষ্প ছড়াচ্ছে। জামায়াত-শিবির এই গণ-অভ্যুত্থান-পরবর্তী ভাইরাসের মতো আমাদের দেশে ক্ষতি করেছে। আজকে যে ওসমান হাদির কথা আমরা বলছি, ওসমান হাদি গোটা দেশের লক্ষ লক্ষ তরুণের, বিপ্লবী সংগ্রামী তরুণদের মন জয় করতে পেরেছে তার কথাবার্তার মাধ্যমে। বিশেষ করে জুলাই ঐক্যকে সমন্বিত রাখার জন্য; রাজনৈতিক ঐক্যবদ্ধ থাকার জন্য আলাপ করেছিল। বাংলাদেশের রাজনৈতিক, ভৌগোলিক সমস্যা নিয়ে জোরাল কথা বলত, যেটা অনেকে বলত না। এই কথাগুলো আমরা বলে আসছি। কিন্তু অভ্যুত্থানের পরে পরিচিত ছাত্রনেতারা দল গোছাতে, নিজেরা বিয়েশাদি করতে ব্যস্ত হয়ে পড়ে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘টেলিভিশনের টক শোতে বলেছিলাম—ওসমান হাদি নিজের পরিচয়েই পরিচিত। তাকে যে কবি নজরুলের পাশে কবর দেওয়া হয়েছে, ভবিষ্যতে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলবে—কেন কবি নজরুলের পাশে কবর দেওয়া হলো। তার জন্য প্রয়োজনে আলাদা একটা স্থান নির্ধারণ করা যেত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।