আন্তর্জাতিক ডেস্ক: রাত হলেই শোনা যাচ্ছে নূপুরের শব্দ। মনে হচ্ছে পাশ দিয়ে হেঁটে চলে গেল কেউ! কখনও আবার আচমকা আয়নায় উড়ে এসে পড়ছে সিঁদুর! এই 'ভৌতিক' কাণ্ডে নাজেহাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী মহিলা হোস্টেলের আবাসিকরা। আতঙ্কে ঘুম উড়েছে তাদের।
মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী বালিকা মহিলা হোস্টেলে প্রায় ১০০ জন থাকতেন। তারা সকলেই ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকায় তালা পড়েছিল হোস্টেলেও। দেড় মাস আগে ফের খুলেছে হোস্টেল। আবাসিকরা ফিরেছে, প্রথমদিকে স্বাভাবিক ছিল সবটা। গত পাঁচ দিন ধরে সমস্যার সূত্রপাত।
আবাসিক শিক্ষার্থীদের দাবি, রাত হলেই নানারকম ভৌতিক ঘটনা ঘটেছে হোস্টেল চত্বরে। আচমকা ভেসে আসছে নুপুরের আওয়াজ। কখনও আবার মনে হচ্ছে, নূপুর পড়ে হেঁটে যাচ্ছেন কেউ। কখনও আবার শিক্ষার্থীরা অনুভব করছে, পাশে দাঁড়িয়ে রয়েছে কেউ কিন্তু চোখে দেখা যাচ্ছে না। কখনও আবার সিঁদুর উড়ে এসে পড়ছে আয়নায়। গোটা বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানায় আবাসিকরা।
এরপর মঙ্গলবার হোস্টেলে যান ধর্মগুরুরা। ছিলে্ন মৌলনা নুরুল ইসলাম ও ধুলিয়ান কালিপাড়া থানা পুজো কমিটির পুরোহিত দিলীপ কুমার মিশ্র। তারা হোস্টেল ঘুরে দেখেন। যজ্ঞও করা হয়। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ''কিছুদিন ধরে ছাত্রীরা ভয় পাচ্ছিল। সেই কারণে ধর্মগুরুরা এসেছিলেন। যজ্ঞ করা হয়েছে।'' সূত্র : সংবাদ প্রতিদিন