আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই জানালেন তার হাতে এখন তিনটি বিকল্প ব্যবস্থা রয়েছে। যার মধ্যে রয়েছে অনাস্থা ভোট, পদত্যাগ অথবা আগাম নির্বাচন। সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী দলগুলো। অনাস্থা ভোটে গদি হারানোর শঙ্কাই বেশি। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে ইমরান খান জানান, সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি পদত্যাগ করবেন না। সরকার পরিচালনা করার সক্ষমতা বিরোধী দলগুলোর নেই। তাই আগাম নির্বাচনই সবচেয়ে ভালো ব্যবস্থা। সংসদে রোববার যখন অনাস্থা প্রস্তাবে ভোট হবে তখন নতুন চমক নিয়ে আসার কথাও জানান তিনি।
ইমরান বলেন, একজন নেতা কখনোই তার কৌশল প্রকাশ করেন না। তবে পুরো ঘটনাকে বিদেশি ষড়যন্ত্র বলেই মনে করেন তিনি। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নিরাপত্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।