আন্তর্জাতিক ডেস্ক: আস্থা ভোটের আগে আবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টিভিতে সম্প্রচারিত ভাষণে যুবসমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে আবারও চক্রান্তের অভিযোগ তুললেন পাক প্রধানমন্ত্রী। তার সরকারকে সরাতে গরু-ছাগলের মতো রাজনীতিক নেতাদের কিনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।
আস্থা ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা। স্থানীয় প্রশাসনের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে। অন্য দিকে, আস্থা ভোটের আগে পাঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করলেন ইমরান খান। গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে ইমরান খানের ক্ষমতাসীন সরকার।
তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা এলো। ফাওয়াদ চৌধুরী বলেন, ‘পাঞ্জাবের নতুন গভর্নরের নাম পরে ঘোষণা করা হবে। তার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী পাঞ্জাব অ্যাসেমব্লির ডেপুটি স্পিকার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।’