আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ায় দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী তৎপর হয়ে উঠেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। আর এবার সরাসরি রাশিয়ার বিরুদ্ধে মুখ খুললেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে পাকিস্তানের কোনও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে এই প্রথমবার প্রকাশ্যে বক্তব্য রাখতে দেখা গেলো। ইসলামাবাদ মস্কোর বিরুদ্ধে আগে এই যুদ্ধের বিরোধিতা করেনি। শনিবার ইসলামাবাদে নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ থাকলেও এই সংঘাত নিয়ে পাকিস্তান মারাত্মকভাবে দুঃশ্চিন্তাগ্রস্ত। ছোট একটি দেশের বিরুদ্ধে রাশিয়ার অভিযান ক্ষমা করা যায় না।
জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে। কারণ এতে অনেক বড় বিপর্যয় নেমে এসেছে। হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেন পাকিস্তানের সেনাপ্রধান।
তিনি বলেন, এই সংঘাতে ছোট দেশগুলোর মনে হয়েছে, আধুনিক অস্ত্রে সজ্জিত বড় দেশগুলোর বিরুদ্ধে তারা নিজেদের খুব বেশি রক্ষা করতে পারবে না। স্বাধীনতার পর থেকে ইউক্রেনের সঙ্গে পাকিস্তানের চমৎকার অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে রাশিয়ার সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে। এর পেছনে অনেকগুলো বড় কারণ রয়েছে। সূত্র: ডন