আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে মাইক বাজানো বন্ধ করার দাবিতে সুর চড়ালেন মহারাষ্ট্র নবনির্মান সেনার সুপ্রিমো তথা প্রয়াত বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তিনি বলেন, “কারও প্রার্থনায় আমার আপত্তি নেই কিন্তু মাইক বাজিয়ে নামাজ পড়া বরদাস্ত করা হবে না।”
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান শনিবার মারাঠি নববর্ষ উপলক্ষে শিবাজি পার্কের এক অনুষ্ঠানে রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন, “মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন। আমি কারও প্রার্থনার বিরোধী নই কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আপনারা কেন মাইক বাজান? ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয় তখন তো মাইক ছিল না।”
এরপরই রাজ ঠাকরের হুঁশিয়ারি, “সরকার যদি মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করে, তাহলে এমএনএস কর্মীরা সব মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজাবে।” এখানেই থামেননি রাজ ঠাকরে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধানের অনুরোধ, ‘’মহারাষ্ট্রের মাদ্রাসা এবং মাজারগুলিতে তল্লাসি চালান। এসব জায়গায় পাকিস্তানি সমর্থক বাড়ছে। পুলিশ জানে এসব মাদ্রাসায় কী হয় কিন্তু আমাদের বিধায়করা এদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে।” সূত্র : হিন্দুস্তান টাইমস