আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটে ভাঙন দেখা দেওয়ার কারণে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের নেতৃত্বাধীন জোট। খবর পাওয়া গেছে, ৪২ জন আইনপ্রণেতা জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
তারা হলেন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) সদস্য। জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথাও জানিয়েছেন তারা। অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে।
এদিকে, তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। দেশের চলমান সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার প্রধানের পদত্যাগ চাইছেন তারা। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বামপন্থী পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) ও সামাগি জনা বালাওয়েগা (এসজেবি) দল দুটি। দলের সদস্যরা গোটাবায়ে রাজাপাকসে এবং তার একসময়ের জনপ্রিয় ও প্রভাবশালী পরিবারের অন্যদেরও অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। সূত্র: ডেইলি মিরর