স্পোর্টস ডেস্ক: আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা এখন কার্যত দেউলিয়া। খাদ্য থেকে জ্বালানি সবই ফুরিয়েছে দেশটিতে। মুরলীথরন থেকে সাঙ্গাকারা-জয়বর্ধনেদের মতো তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার মতো সাবেকরাও ভারতের সাহায্য দাবি করলেন। এই বিপদে রানাতুঙ্গা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে চেয়েছেন।
রাণাতুঙ্গা বলেছেন, ''ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেও শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছেন। জাফনা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সময় উনি সাহায্য করেছিলেন। সে দিক থেকে দেখলে ভারত আমাদের বড় ভাইয়ের মতো। ভারত পরিস্থিতির দিকে নজর রেখেছে। যাতে পেট্রল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জোগান দেওয়া যায়। ভারত আমাদের পাশে আছে।’’
বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন বলেন, ''আমার সবচেয়ে বড় চিন্তার জায়গা অন্য। যেন কোনও ভাবেই রক্তের নদী বয়ে না যায়। আমি এটা নিয়ে খুব ভয়ে আছি। গৃহযুদ্ধ না শুরু হয়ে যায়। এই ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছি। কিছু রাজনীতিক কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করছেন, এই পরিস্থিতির জন্য দায়ী মুসলিম ও তামিলরা। এর ফলে দেশটা ভাগ হয়ে যাচ্ছে। এই রকম মনোভাব কিন্তু দেশের জন্য খুব ক্ষতিকর। সেটা অনেকেই বুঝতে পারছেন না।''