আন্তর্জাতিক ডেস্ক : অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় আহ্বান করা হয়েছে। সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফই নতুন প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শাহবাজ শরিফ সম্মিলিত বিরোধী দলের নেতাদের নিয়ে তার সম্ভাব্য মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন বলে খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, মন্ত্রিসভায় মুসলিম লিগ-নওয়াজ দলের ১২ জন, পাকিস্তান পিপলস পার্টি থেকে ৭ জন মন্ত্রী হবেন। আর মাওলানা ফজলুর রহমানের জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হতে পারে চারটি মন্ত্রণালয়। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম) দুটি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম), আইএনপি, জমহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি করে মন্ত্রণালয় দেওয়া হতে পারে।
সূত্রমতে পিপলস পার্টি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। তবে এ তালিকায় শাজিয়া মেরির নামও রয়েছে। মুসলিম লিগ-নওয়াজ দলের খাজা আসিফ, সাআদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়াম নওয়াজ, আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মূলক, রানা সানাউল্লা এবং মুর্তজা জাভেদ আব্বাস মন্ত্রী হতে পারেন। সূত্র : জিও নিউজ