আন্তর্জাতিক ডেস্ক : 'পুষ্পা' সিনেমায় আল্লু অর্জুন ও সামান্তার 'উ অন্তবা উ উ অন্তবা' গানে মাতোয়ারা হয়েছিলেন সব বয়সের মানুষ। এবার সেই গানের তালে মেয়ের বিয়েতে নাচতে দেখা গেল এক প্রবীণ বাবাকে। যে নাচ দেখে মুগ্ধ নেটিজেন। এবং মুহূর্তে ভাইরাল হল ভিডিও। কোটি কোটি শেয়ার, কমেন্ট আর লাইকের বন্যা।
কেবল মেয়ের বিয়েতে 'উ অন্তবায়' নাচলেন বলেই কি নেটিজেনদের দারুণ পছন্দ হল এই ভিডিও? না, ভাইরাল হওয়ার আসল কারণ, প্রবীণ পিতার নাচের অপূর্ব দক্ষতা। ঠিক ছবির নায়কের কায়দাতেই গানের শুরু থেকে শেষ পর্যন্ত নাচতে দেখা যায় ওই ব্যক্তিকে। ভিডিওতে আরও দেখা গেল, কনের বাবার দুর্দান্ত নাচের সঙ্গে কোনওমতে পেরে উঠছেন তার পাশে নৃত্যরত যুবকেরা।
গানের প্রতিটি অংশে কোমর দোলানো থেকে পায়ের সুক্ষ্ম কাজ, সবক্ষেত্রেই প্রায় নিখুঁত ছিলেন ওই ব্যক্তি। একটা সময় উপস্থিত আমন্ত্রিতরা উত্তেজনায় উঠে দাঁড়ান, করতালি দিয়ে অভিনন্দন জানান কনের বাবাকে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয় অনুষা ওয়েডিং কোরিওগ্রাফি নামের একটি অ্যাকাউন্ট থেকে। ক্যাপশানে লেখা হয় “নাচে মন জিতে নিলেন কনের বাবা”।