আন্তর্জাতিক ডেস্ক : নোটের ওপরে লেখা বেআইনি। তবে অন্ধ ভালবাসা কি আইন বেআইন দেখে? ফলে এক প্রেমিকা ১০ টাকার নোটকেই প্রেমপত্র বানিয়ে ফেলেছে। অতি ‘জরুরি চিঠি’ লিখেছে সে প্রিয় প্রেমিক বিশালকে। জানিয়েছে, তার বিয়ে ঠিক করে ফেলেছে বাড়ির লোক। সময় থাকতে প্রেমিক যেন তাকে নিয়ে পালানোর ব্যবস্থা করে।
এমনই এক দশ টাকার নোটের ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে হাসি-ঠাট্টার বন্যা বইছে নেট দুনিয়ায়। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে ভীষণ সিরিয়াস! ভাঁজ করা যে দশ টাকার নোটের ছবি প্রকাশ্যে এসেছে, তাতে জানা গিয়েছে, গত ২৬ এপ্রিলে ছিল মেয়েটির, মানে কুসুমের বিয়ে। আর কুসুম ঠিক কী লিখেছে দশ টাকার নোটে?
হিন্দিতে যা লেখা হয়েছে তার বাংলা করলে দাঁড়ায়, “বিশাল, আমার বিয়ে ২৬ এপ্রিলে ঠিক হয়েছে। তোমার সঙ্গে পালাতে চাই আমি, ব্যবস্থা করো। তোমাকেই ভালবাসি। তোমার কুসুম।” আজব দশ টাকার নোটটি যে টুইটার গ্রাহক প্রথম পোস্ট করেন বলে জানা যাচ্ছে, তিনি মজা করে লেখেন, “হে টুইটার, তোমার শক্তি দেখাও। ২৬ এপ্রিলের আগে বিশালের কাছে কুসুমের বার্তা পৌঁছে দাও দয়া করে।”
উল্লেখ্য, ওই গ্রাহক পোস্টটি করেন ১৮ এপ্রিলে। এরপরেই অভিনব প্রেমপত্র নিয়ে হাজারো মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। বিষয়টিকে যাঁরা মজার হিসেবে নেননি, তারা সকলকে অনুরোধ করেন, “যেভাবেই হোক বিশালের পদবীটা বের করুন। ছেলেটির কাছে মেয়েটির এই বার্তা দেওয়া খুব জরুরি।” যদিও অধিকাংশ নেটাগরিক গোটা বিষয়টিকে নিয়ে মজাই করেছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস