আন্তর্জাতিক ডেস্ক : বৈশাখ মাস চলছে। এমনিতেই গরমের সময়। গরমের দাপট বাড়ছে ক্রমাগত। এরই মধ্যে নিজেদের ফোনের বেশি করে যত্ন নেওয়া দরকার। কারণ এই সময় স্মার্টফোন গরম হয়ে যেতে পারে। স্মার্টফোনের ক্ষেত্রে এমন হলে, ফোনের ভিতরে অনেক বড় ক্ষতি হতে পারে। এক নজরে দেখে নিন ফোন বেশি গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে কী কী করা প্রয়োজন।
প্রথম : সরাসরি সূর্যের আলো থেকে স্মার্টফোন বাঁচিয়ে রাখুন। সরাসরি ফোনের উপর সূর্যের আলো এসে পড়লে ফোন গরম হবেই। এর ফলে ফোনের ব্যাটারির ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখা দরকার যে, সেই সমস্ত জায়গায় কখনও ফোনের চার্জ দেওয়া উচিত নয় যেখানে ফোনের ওপর সরাসরি সূর্যের আলো এসে পড়ছে। এর ফলে ফোনের ভিতরে অনেক বড় ক্ষতি হতে পারে। তাই সূর্যের আলো থেকে সবসময় নিজেদের ফোনকে দূরে রাখা প্রয়োজন।
দ্বিতীয় : আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি। স্মার্টফোনে সে সব অ্যাপ বন্ধ করার প্রয়োজন হয় না। একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যায়। আর এর ফলে ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে একাধিক অ্যাপ। খরচ হয় ব্যাটারি। ক্রমশ গরম হতে থাকে ফোনের শরীর। এতে ক্ষতি হতে পারে। তাই যখন যে অ্যাপের প্রয়োজন তখন শুধু সেই অ্যাপ খুলে ব্যবহার করা দরকার। অন্য অ্যাপগুলি সম্পূর্ণ বন্ধ করে রেখে দিতে হবে।
তৃতীয় : হাত থেকে পড়ে গিয়ে ফোনের ক্ষতি হতে পারে, এমনকী ধুলো বা জল থেকে বাঁচানোর জন্যও আমরা নানা ধরনের প্রোটেক্টিভ কেস ব্যবহার করি স্মার্ট ফোনের জন্য। এ দিকে অনেক ক্ষণ ধরে ফোন ব্যবহার করতে করতে তা গরম হয়ে উঠতে পারে। তখন অবশ্যই ফোনের কেস খুলে রাখা জরুরি।
চতুর্থ : ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা হলে কুলিং ফ্যান ব্যবহার করা যেতে পারে। এখন বাজারে বিভিন্ন ধরনের ডিজাইনের এবং বিভিন্ন ধরনের দামের কুলিং ফ্যান পাওয়া যায়। এমনকী নানা ধরনের কুলিং কেসও রয়েছে স্মার্টফোনের জন্য। প্রয়োজন হলে এ ধরনের গ্যাজেট কিনে নেওয়া যেতে পারে।