আন্তর্জাতিক ডেস্ক: আইপিএলের মধ্যেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে দেখা করতে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সেইসব জল্পনা নিজেই উড়িয়ে দেন মমতা। সৌরভের সঙ্গে কি আলোচনা হলো? ফাঁস করলেন মমতা নিজেই।
রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। আলোচনায় উঠে আসেনি আইপিএলও। নতুন স্টেডিয়াম তৈরির জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (সিএবি) যে জমি দিয়েছিল রাজ্য সরকার, তা নিয়ে আলোচনা করতেই মুখমন্ত্রীর কার্যালয় নবান্নে আসেন সৌরভ গাঙ্গুলি।
এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সঙ্গে যোগ করেন, রাজনীতি নিয়ে সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি। ‘আমরা শুধু কিছুক্ষণ গল্প করেছি।’ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকের শেষের দিকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সৌরভের সঙ্গে কি আইপিএল নিয়ে কথা হয়েছে?
প্রত্যুত্তরে মমতা বলেন, ‘না, না, না। এসব নিয়ে কোনও কথা হয়নি। স্টেডিয়াম করার জন্য সিএবিকে একটা জমি দেওয়া হয়েছিল। কিন্তু ওখানে জলাভূমি থাকায় একটু সমস্যা আছে। কোনও বিকল্প জমি দেওয়া যায় কিনা, সেটা বলতেই ও এসেছিল। সেটা আমরা ভাবছি।’