আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পিটিআই দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লং মার্চ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। হামলার ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এক বন্দুকধারী ইমরানকে বহনকারী কনটেইনার ট্রাক লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হলেও ইমরান খান বিপদমুক্ত বলে জানানো হয়েছে। দলের কয়েকজন নেতা গুলিতে আহত হয়েছেন। ইমরান খানের দল এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে।
ইমরান খানকে দ্রুত আরেকটি গাড়িতে স্থানান্তর করে হাসপাতালে নেওয়া হয়। ভিডিওতে তার পায়ে ব্যান্ডেজ দেখা যায়। একজন ইমরান সমর্থক বন্দুকধারীকে মোকাবেলা করেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী একাই ছিলেন বলে জানানো হয়েছে।
পাঞ্জাবের লাহোর থেকে শুরু করা প্রতিবাদ লং মার্চের অংশ হিসেবে ইমরান খান ইসলামাবাদমুখী একটি লরিতে ছিলেন। শুক্রবার এটির রাজধানীতে পৌঁছনোর কথা। তবে পিটিআই এর সুনির্দিষ্ট সময় নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্র : এনডিটিভি, দ্য ডন