শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ০৬:০০:০২

গুয়াহাটি-ঢাকা-কলকাতা-বারাণসী, এমভি গঙ্গা বিলাসের টিকিটের দাম জানুন

গুয়াহাটি-ঢাকা-কলকাতা-বারাণসী, এমভি গঙ্গা বিলাসের টিকিটের দাম জানুন

আন্তর্জাতিক ডেস্ক: যাত্রা শুরু করল বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাস। শুক্রবার এর 'ফ্ল্যাগ অফ' করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে নদীপথের শোভা নিতে নিতেই দুই দেশের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থানগুলির দর্শন পাবেন পর্যটকরা। 

সবই তো বোঝা গেল। কিন্তু এই ক্রুজের ট্যুর কীভাবে বুক করবেন? গুয়াহাটি-ঢাকা-কলকাতা-বারাণসী, এমভি গঙ্গা বিলাসের টিকিটের দাম জানুন। সূত্রের খবর, বিলাসবহুল এই ক্রুজে মোট ৫১ দিন যাত্রা করতে হলে যাত্রীপিছু প্রায় ২০ লক্ষ টাকা খরচ পড়বে। দৈনিক টিকিট ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। 

এই জাহাজে একসঙ্গে মোট ৩৬ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। পরবর্তী পর্যায়ে দিন ও স্যুট হিসাবে প্যাকেজ স্থির করা হতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, প্রথমবারের সফরে ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটক রয়েছেন।

আন্তর্জাতিক ক্রুজ সংস্থা Antara Luxury River Cruises-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে। তবে এখনও সেই বুকিং শুরু হয়নি। আগামী সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হবে বলে মনে করা হচ্ছে। ৫১ দিনের এই যাত্রাপথে মোট ৫০টি পর্যটন স্থান হয়ে যাবে গঙ্গা বিলাস। এর মধ্যে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। 

যেমন ভারতের জাতীয় উদ্যান, বিহারের ঘাট ও পাটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের বিভিন্ন স্থান এবং আসামের গুয়াহাটি। ক্রুজটি বারাণসী থেকে যাত্রা শুরু করবে। পাটনা, সাহেবগঞ্জ, কলকাতা, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, গুয়াহাটি এবং ডিব্রুগড়ের মতো বড় শহরের উপর দিয়ে যাবে।

এর ফলে আরও বেশি করে জেটি নির্মাণ, ঘাট সংস্কার, পর্যটন স্থানের উন্নয়ন প্রকল্পে আগামী দিনে জোয়ার আসবে। তাছাড়া বিশ্বের মানচিত্রে এই অঞ্চলের পর্যটনের চাহিদাও আরও বৃদ্ধি পাবে। পশ্চিমা বিশ্বে অনেকাংশে একটি ভুল ধারণা রয়েছে। এই জাতীয় লম্বা ক্রুজ সফরের মাধ্যমে তারা এই অঞ্চলের আসল ঐতিহ্য, রূপ, সমাজের সঙ্গে পরিচিত হবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে