রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ০৭:৩৬:৪২

বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই ৩৫০ ভেড়া-ছাগলের মৃত্যু!

বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই ৩৫০ ভেড়া-ছাগলের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয়ের বলি হলো অন্তত সাড়ে তিন শ ছাগল ও ভেড়া। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবে রাজ্য সরকারকে।

জানা গেছে, শনিবার রাতে বৃষ্টির মধ্যে ৩৫০টি ছাগল ও ভেড়া নিয়ে হৃষীকেশ থেকে উত্তরকাশী ফিরছিলেন বারসু গ্রামের বাসিন্দা সঞ্জীব রাওয়াত। সঙ্গে ছিলেন তার এক বন্ধুও। 

খাট্টুখাল জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি বিশাল পাইনগাছে বজ্রপাত আঘাত করে। সেই সময় সঞ্জীব ছাগলের দলের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। তার বন্ধু বৃষ্টি থেকে বাঁচতে অন্য একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। 

বজ্রাহত পাইনগাছটির আশপাশে ছিল ছাগল ও ভেড়াগুলো। বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সবগুলো ছাগল ও ভেড়ার। কোনোক্রমে প্রাণে বেঁচে যান সঞ্জীব এবং তার বন্ধু।

স্থানীয় গ্রামবাসী জগমোহন রাওয়াত জানিয়েছেন, খাট্টুখাল গ্রামের কাছে জঙ্গলে বাজ পড়ার আওয়াজ তারাও পেয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি এই ঘটনা ঘটেছে। জগমোহন মনে করতে পারছেন না, শেষ কবে বাজ পড়ে একসঙ্গে এত পশুর মৃত্যুর খবর শুনেছেন তিনি।

উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাতের খবর প্রায়ই শোনা যায়। কিন্তু এই ঘটনার কথা শুনে চমকে উঠছেন সবাই।

উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবেলা দপ্তর ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা জমা দেওয়া হবে রাজ্য সরকারের কাছে। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ৩০ মার্চ পর্যন্ত উত্তরাখণ্ডজুড়ে চলবে ভারি বৃষ্টি। ফলে আগামী দিনেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে—এই আশঙ্কায় মানুষকে সতর্ক করার কাজও শুরু হয়েছে। সূত্র : আনন্দবাজার 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে