আন্তর্জাতিক ডেস্ক : ফের রাতের কলকাতায় দুর্ঘটনা। রবিবার মধ্যরাতে দমদম পার্ক মোড়ে ভয়বাহ একটি সড়ক দুর্ঘটনার বলি হন চারজন নাগরিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই। বেপরোয়া গতিতে থাকা একটি চারচাকা প্রথমে একটি বাইকে সজোরে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে গিয়ে ধাক্কা খায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।
কী ভাবে ঘটল দুর্ঘটনা? জানা গিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ দমদম পার্ক মোড়ে ট্রাফিক সিগন্যালের লাল আলো দেখে থামে একটি লরি। সেই সময়ই পিছন থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল একটি SUV গাড়ি।
বেপরোয়া গতিতে থাকা ওই চারচাকাটি প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক। তারপরই SUV গাড়িটি দাঁড়িয়ে থাকা ওই লরির পিছনে সজোরে ধাক্কা মারে। যার জেরে চারচাকার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সামনের কাচ ভেঙে ছড়িয়ে পড়ে। বনেটের উপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও গাড়ির চালক।
জানা গিয়েছে, ওই গাড়ির ভিতর ছিলেন পাঁচজন যাত্রী। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এদিকে, বাইক চালককে গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
গাড়ির পিছনের আসনে থাকা অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকে লরিটির আর কোনও খোঁজ মেলেনি। এখনও পর্যন্ত মৃত বা আহত কারওই পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার সময়ে দমদম পার্ক মোড়ের সিসিটিভি ফুটেজ।-এই সময়