বুধবার, ১০ মে, ২০২৩, ০৪:৪৪:৪১

পরিস্থিতি ঠিক রাখতে পাঞ্জাবে সেনা মোতায়েন, গ্রেফতার এক হাজার

পরিস্থিতি ঠিক রাখতে পাঞ্জাবে সেনা মোতায়েন, গ্রেফতার এক হাজার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার ঘিরে পাঞ্জাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেজন্য প্রদেশটিতে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এ অনুমোদন দেওয়া হয়। খবর ডনের। 

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান গ্রেফতার হন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ইমরানের গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। তার সমর্থকরা শহরে শহরে বিক্ষোভ করেন। লাহোর সেনানিবাসে বিক্ষুব্ধ সমর্থকরা ভাঙচুর করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সেনা মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে।  

এ আদেশে আরও বলা হয়, এই সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেবে প্রাদেশিক সরকার। পাঞ্জাব সরকারের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মির আলজাজিরাকে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে পাঞ্জাব পুলিশ বলছে, এ প্রদেশে প্রায় এক হাজার লোক গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এ পর্যন্ত ১৩০ জন কর্মকর্তা ও কর্মী সহিংসতায় আহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে