রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১:২২

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস

মটোরোলার নতুন স্মার্টফোন মোটো জি৬৭এস পাওয়ার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ফোনটি সম্প্রতি গিকবেঞ্চ নামের একটি সফটওয়্যার প্ল্যাটফর্মে লঞ্চের আগে দেখা গিয়েছে। এর ফলেই টেক আগ্রহীরা মনে করছেন খুব শিগগিরই বাজারে লঞ্চ হতে পারে এই নতুন মটো জি সিরিজের ফোন। গিকবেঞ্চ হলো একটি জনপ্রিয় বেঞ্চমার্কিং সফটওয়্যার, যা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন লঞ্চের আগে প্রসেসর (সিপিইউ) এবং গ্রাফিক্স কার্ডের (জিপিইউ) পারফরম্যান্স চেক করে থাকে।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর

এই মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর রয়েছে। এতে রয়েছে অক্টা-কোর সিপিইউ, ছয়টি কোরের ক্লক স্পিড ২.০০ গিগাহার্জ এবং দুইটি কোরের স্পিড ২.৫০ গিগাহার্জ। ফোনটিতে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ থাকার কথাও জানা গিয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ফোনটি সিঙ্গল-কোরে ৬৮৭ এবং মাল্টি-কোরে ১,০৮৮ স্কোর করেছে।

৪ জিবি র‍্যাম ও অ্যানড্রয়েড ১৬

আরও জানা গিয়েছে, মটো জি৬৭এস পাওয়ার-এ থাকতে পারে ৪ জিবি র‍্যাম। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। যদিও র‍্যাম ও স্টোরেজের আরও কোনো ভ্যারিয়েন্ট থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

আগের মডেলে ছিল বড় ব্যাটারি

গত বছর ভারতে লঞ্চ হয়েছিল মোটো জি৬৭ পাওয়ার ফাইভেজি। ফোনটিতে দেওয়া হয়েছিল বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি, যা ছিল এর অন্যতম বড় আকর্ষণ। নতুন মোটো জি৬৭এস পাওয়ার-এও ব্যাটারি ক্ষমতার দিকে বিশেষ নজর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নতুন মডেলের ব্যাটারি ও চার্জিং সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

আগের মডেলের উল্লেখযোগ্য ফিচার

আগের মটো জি৬৭ পাওয়ার ফাইভেজি মডেলে ছিল ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস সেভেন-আই সুরক্ষা এবং ফোনে এমআইএল-৮১০এইচ মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন ছিল। ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে দেওয়া হয়েছিল ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এ ছাড়াও ছিল আইপি৬৪ রেটিং এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং। নতুন মোটো জি৬৭এস পাওয়ার-এ কতটা আপগ্রেড থাকবে, তা লঞ্চের পরই স্পষ্ট হবে। তবে দাম কত হবে তা এখনই কিছু জানায়নি সংস্থা। তবে নতুন ফোনের দাম একদমই হাতের নাগালে থাকবে বলে ধারণা করা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে