বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২:৩৬

ব্রেকিং নিউজ : মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ব্রেকিং নিউজ : মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্প্যাংডাহলেম বিমানঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার প্রশিক্ষণ মহড়ার সময় অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর পাইলটকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় চারটি এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল। এর মধ্যে দুটি বিমান প্রশিক্ষণ এলাকায় অবস্থান করছিল এবং অন্য দুটি স্প্যাংডাহলেম বিমানঘাঁটির দিকে ফিরছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় একটি এফ-১৬ বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মহড়ায় অংশ নেওয়া বাকি যুদ্ধবিমানগুলো নিরাপদে যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে