সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৯:৫৩

আবারও হামলা হলে ‘নরক নেমে আসবে’ ওদের ওপর: ইরানের হুঁশিয়ারি

আবারও হামলা হলে ‘নরক নেমে আসবে’ ওদের ওপর: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে হামলা চালানো হলে ‘নরক নেমে আসবে’ ওদের ওপর। হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে দেওয়া দুই দিনের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব অনুযায়ী প্রথম দিনেই নির্দিষ্ট কিছু পদক্ষেপ বাস্তবায়ন করলে দ্বিতীয় দিন থেকে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে। তবে সময়সীমার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সব করতে হবে!

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনার ভিত্তিতেই নতুন প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। এরপর দ্বিতীয় দিন থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং আগের মতো জাহাজ চলাচল স্বাভাবিক হবে।

তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে, ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ইরানের তেল রপ্তানিতে আগে দেওয়া ছাড় পুনর্বহাল।

এ ছাড়া কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং অন্য নৌপথগুলো বন্ধের দাবিও জানিয়েছে দেশটি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো, শুধু হরমুজ প্রণালিতে নয়, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে। এর মধ্যে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আরাগচি সতর্ক করে বলেছেন, শর্ত না মেনে নতুন করে হামলা চালানো হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।