আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচে থাকা চুল্লিতে পড়ে গেলে এই বিস্ফোরণের ঘটে।
সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহত সবাই আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানার শ্রমিক। দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি।
ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় গভর্নর জানান, সোমবার দুপুরের দিকে এ বিস্ফোরণ ঘটে। একটি ক্রেনের সাহায্যে সেখানে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়।
স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই দেশটির জন্য একটি বড় সমস্যা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে। কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়াগান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং তুরস্কের জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।